ভাবা যায়? যে দেশে চারদিক জুড়েই শুধু বালি, সেই দেশই কিনা বাইরে থেকে বালি আমদানি করে! এমনই চমকপ্রদ ঘটনা ঘটে সৌদি আরবে। দেশটির প্রায় ৯৫ শতাংশ অঞ্চলজুড়ে রয়েছে মরুভূমি, অথচ নির্মাণকাজের জন্য তাদের অস্ট্রেলিয়া, চিন ও বেলজিয়াম থেকে বালি আমদানি করতে হয়।
এর পেছনে রয়েছে এক বিশেষ কারণ। মরুভূমির বালি দেখতে যতই বিপুল মনে হোক না কেন, নির্মাণের জন্য তা আদৌ উপযোগী নয়। বহু বছর ধরে বাতাসের ঘর্ষণের ফলে মরুভূমির বালি হয় খুবই মসৃণ ও গোলাকার। এই ধরণের বালি দিয়ে কংক্রিট তৈরি করলে কাঠামোর শক্তি থাকে না।
বড় বড় নির্মাণ প্রকল্পের জন্য প্রয়োজন হয় রুক্ষ, ধারালো ও খাঁজযুক্ত দানার বালি। এই ধরণের বালি সাধারণত পাওয়া যায় নদীগর্ভ, হ্রদ কিংবা সমুদ্র উপকূল থেকে। এই বালি কংক্রিটের সঙ্গে ভালোভাবে মিশে একে করে তোলে অনেক বেশি টেকসই ও মজবুত।
এই ঘটনা কেবল সৌদি আরবের নয়, বরং গোটা বিশ্বের নির্মাণ শিল্পের এক গুরুত্বপূর্ণ সংকটকেই চোখে আনে—নির্মাণযোগ্য বালির ঘাটতি। পরিসংখ্যান বলছে, প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৫০ বিলিয়ন টন বালি ব্যবহার হয়। অথচ পৃথিবীতে যত্রতত্র বালি থাকলেও তার বেশিরভাগই নির্মাণ কাজে ব্যবহারযোগ্য নয়।
এই তথ্য থেকে বোঝা যায়, ভবিষ্যতে বালি হতে চলেছে আরও এক মূল্যবান প্রাকৃতিক সম্পদ, যার ব্যবহার ও সংরক্ষণ নিয়ে ভাবতে শুরু করা উচিত এখনই।

