বিশ্বের দীর্ঘতম ট্রেনের নাম অস্ট্রেলিয়ান বিএইচপি আয়রন অর। এই ট্রেনের দৈর্ঘ্য এতটাই বেশি যে এতে ২৪টি আইফেল টাওয়ার একসাথে বসানো সম্ভব। এর মোট দৈর্ঘ্য ছিল প্রায় ৭.৩ কিলোমিটার, যা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দেখতে সময় লেগে যেতে পারে।
সাধারণত ট্রেনের বগি সংখ্যা ১৫-২৫টির মধ্যে হয়, কিন্তু এই ট্রেনে বগির সংখ্যা ছিল অবিশ্বাস্য ৬৮২টি। এত ভারী ট্রেন টানতে ৮টি ইঞ্জিন লাগত। ট্রেনটির মোট ওজন প্রায় ১,০০,০০০ টন এবং এটি বিশ্বের দীর্ঘতম ও সবচেয়ে ভারী ট্রেন হিসেবে রেকর্ড গড়ে।
২০০১ সালের ২১ জুন প্রথমবার চলাচল শুরু করে এই ট্রেন। এটি যাত্রীবাহী নয়, বরং মালবাহী ট্রেন, যার মূল কাজ ছিল লোহার আকরিক পরিবহন। অস্ট্রেলিয়ার ইয়ান্ডি খনি থেকে পোর্ট হেডল্যান্ড পর্যন্ত প্রায় ২৭৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এই ট্রেন। যাত্রাপথ সম্পূর্ণ করতে সময় লাগে প্রায় ১০ ঘণ্টা। একবারে প্রায় ৮২,০০০ টন লোহার আকরিক বহনের ক্ষমতা ছিল এর।
এই ট্রেন সরকারি নয়; এটি BHP কোম্পানির নিজস্ব রেললাইন ও নকশায় তৈরি। লোহার আকরিক পরিবহনের জন্য বিশেষভাবে নকশা করা হয়েছিল এই ট্রেন ও রেললাইন। তবে সময়ের সঙ্গে সঙ্গে চাহিদা কমে যাওয়ায় বর্তমানে বগির সংখ্যা কমিয়ে আনা হয়েছে ২৭০টিতে এবং ইঞ্জিনের সংখ্যা ৮ থেকে ৪-এ নামানো হয়েছে।
এই ট্রেন শুধু পরিবহনের দক্ষতার জন্য নয়, বরং প্রকৌশল কৌশলের এক অনন্য উদাহরণ হিসেবে বিশ্বব্যাপী পরিচিত।

